গাজীপুরের শ্রীপুরে লোহাগাছএর রাস্তাটির বেহাল দশা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। রাস্তাটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মানুষের চলাচল। শ্রীপুর পৌরসভার অধীনে রাস্তার কিছু অংশে পিচ হলেও বর্তমানে নাজুক অবস্থা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের ভিকার ইলেকট্রিক্যালস লি: কারখানা থেকে রেললাইন ঘেঁষে বিন্দুবাড়ি গাউছুল আজম সিনিয়র মাদ্রাসা পর্যন্তই ভাঙ্গাচুরা খানাখন্দে ভরপুর। বর্তমানে এই রাস্তা দিয়ে ভ্যান-রিকশাও চলাচল করতে পারে না। রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন নাজুক রাস্তা উপজেলায় আর নেই বলে স্থানীয়রা জানান। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি ইটের সলিং হলেও করে দেওয়ার জন্য অনুরোধ জানান স্থানীয়রা। এ রাস্তাটি যেন দেখার কেউ নেই স্থানীয়দের অভিযোগ। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ দেড় কিলোমিটার পায়ে হেঁটে অটোরিকশায় উঠতে শ্রীপুর বাজারে যেতে হয়। যানবাহন না চলায় তাদের বাড়তি ভাড়া গুনতে হয়। এর কারণ অন্য রাস্তা দিয়ে অনেক পথ ঘুরে যেতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। বিন্দুবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুস ছামাদ বলেন, বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। এলাকাবাসীর অসুবিধা বিবেচনা করে কাঁচা রাস্তাটি উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন তিনি। এবিষয়ে শ্রীপুর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল আলম প্রধান রাজধানী টাইম বলেন, জনগণের সুবিধার জন্য এই রাস্তাটি অল্প সময়ের মধ্যে পাকা করার চেষ্টা করা হবে।